রাত পোহালেই সিলেট-৬ এ ভোট উৎসব, রাত জেগে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে সমর্থকেরা!

স্টাফ রিপোর্ট :: রাত পোহালেই সারাদেশের নায় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) এ শুরু হবে ভোট উৎসব। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহন করা হবে। বুধবার বিকালের মধ্যেই এ আসনের ১৯২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ সম্পন্ন করেছে প্রশাসন।

তবে রাত জুড়ে সতর্ক অবস্থানে রাত জেগে ভোট কেন্দ্র পাহারা দিতে দেখা যায় বিভিন্ন দলের সমর্থকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেন্দ্র পাহারার চিত্র তুলে ধরছেন দলীয় সমর্থকরা। বিভিন্ন এ নিয়ে আতংকও কাজ করছে।

এদিকে ভোট গ্রহণ সুষ্ঠ করতে সতর্ক প্রশাসন। ভোটারদের নিরাপত্তায় প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন স্ট্রাইকিং ফোর্সসহ মোবাইল টিম। এই আসনের ১৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৪৯টি কেন্দ্রকে । এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৮৪টি ভোটকেন্দ্র ।

সিলেট-৬ (গোলাপগঞ্জ -বিয়ানীবাজার) প্রবাসী অধ্যুষিত এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে একজন স্বতন্ত্র এবং বাকি চারজন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ সেলিম উদ্দিন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ আবদুন নূর, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের জাহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীকের মো. ফখরুল ইসলাম।

নির্বাচন কমিশন সূত্র মতে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৯৩জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৫৬ হাজার ৯৩৮ ও নারী ২ লক্ষ ৫২ হাজার ১৫৫জন ভোটার রয়েছেন। 
এবারই প্রথম পোস্টাল ব্যাটলের মাধ্যমে প্রবাসী ও চাকরিজীবীরা ভোট দিতে পারবেন। এ আসনে ৯হাজার ৮৯০ ভোটটি পোস্টাল ব্যাটলে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন সংশ্লিষ্টরা।
নবীনতর পূর্বতন