সিলেট-৬ এ স্বতন্ত্র প্রার্থীতে জঠিল ভোটের সমীকরণ, ত্রিমুখী লড়াইয়ের আভাস!

স্টাফ রিপোর্ট :: আর মাত্র একদিন পরেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের ন্যায় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শেষ হয় আজ মঙ্গলবার । মনোনয়ন দাখিলের পর থেকেই বিপুল উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। ভোটারদের ধারে ধারে গিয়ে শুনেছেন এলাকার দু:খ-দুর্দশার কথা,দিয়েছেন জয়ী হলে দাবি পূরণের আশ্বাস। 

প্রবাসী অধ্যুষিত এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে একজন স্বতন্ত্র এবং বাকি চারজন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ সেলিম উদ্দিন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ আবদুন নূর, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের জাহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীকের মো. ফখরুল ইসলাম।

তবে এ আসনে ত্রিমূখী লড়াইয়ের আভাস মিলছে। মূলত লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী,জামায়াত ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, এ ছাড়া শেষ মূহুর্তে এ আসনে আলোচনায় চলে আসা জমিয়তে উলামায়ে ইসলামের ‘বিদ্রোহী’ প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের মধ্যে। 

রাজনৈতিক সচেতন মহলের মতে, গোলাপগঞ্জ- বিয়ানীবাজারে বিএনপি দলীয় জোট সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে। কিন্তু বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম থাকায় এবং বিএনপির আরেক সমভাবাপন্ন দল গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান থাকায় ধানের শীষের বিজয়ের পথে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তবে সিলেটের রাজনীতিতে প্রভাবশালী বিএনপি নেতা এমরান চৌধুরীর দীর্ঘ দিনের রাজনৈতিক ইতিহাস আর এলাকার সাথে সম্পর্ক তাকে বিজয়ী হতে আশাবাদী করছে। এদিক দিয়ে কিছুটা নির্ভার ১১দলীয় জোটের জামায়াত ইসলাম মনোনীত মো.সেলিম উদ্দিন। জাতীয় রাজনীতিতে প্রভাবশালী এ রাজনীতিবিদ বিগত দেড় বছরে এলাকায় এলাকায় চষে বেড়িয়ে মানুষের মাঝে আলাদা আবেদন সৃষ্টি করেছেন। তাছাড়া এ আসনে বরাবরই জামায়াতে ইসলামের নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, পাশাপাশি ১১দলের সমর্থন তাকে কিছুটা সুবিধাজনক স্থানে রাখছে। এদিকে অল্প দিনেই সামাজিক কাজ ও নিজ ব্যক্তিত্ব দিয়ে মানুষের মাঝে ঠাই করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। নিজ কর্মগুণে এবার ভোটে নিজেকে নিয়ে গেছেন এ আসনের অন্যতম প্রভাবকের ভূমিকায়। তবে কেউ কেউ এই আসনের এলাকাভিত্তিক ভোটের প্রভাবকে সামনে নিয়ে আসছেন । কারণ, জামায়াতের সেলিম উদ্দিন এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ফখরুল ইসলামের বাড়ি বিয়ানীবাজার উপজেলাতে আর এমরান চৌধুরীর বাড়ি গোলাপগঞ্জ উপজেলাতে।

তবে আগাম সকল হিসেব নিকেশ ছাপিয়েয়ে সবকিছু নির্ভর করছে ১২ তারিখ ভোটারদের মতামতের উপর। ৩প্রার্থীই বিগত বছর খানেক ধরে ভোটারদের ধারে ধারে ব্যাপক জনপ্রিয়। 

উল্লেখ্য,সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মোট ভোটার সংখ্যা ৫লক্ষ ৯শত ৯৩জন। পুরুষ ভোটার সংখ্যা ২লক্ষ ৫৬ হাজার ৯৩৮জন আর নারী ভোটার সংখ্যা ২লক্ষ ৫২হাজার ১৫৫জন।
নবীনতর পূর্বতন