সিলেট-৬: সম্ভাবনার গোলাপগঞ্জ ও কিছু নাগরিক প্রত্যাশা

সুলতান আবু নাসের : দীর্ঘ কয়েক বছর পর সারাদেশের ন্যায় গোলাপগঞ্জেও জাতীয় নির্বাচন-কে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। আশা রাখি এ আমেজ ১২তারিখ ভোটগ্রহণ ও ফলাফল আসার পরবর্তীতেও বজায় থাকবে। ভোটাররা যেনো কোন ধরনের বাধা ছাড়াই নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন। দূরদেশে থাকায় স্বভাবতই নির্বাচনী উৎসব অনেক মিস করা হচ্ছে। তবে ভালো লাগছে মানুষ ভোটের প্রকৃত আমেজ উপভোগ করছে দেখে।

এবার ভালো লাগার আরেকটি বিষয় আমাদের আসনের প্রায় সকল এমপি প্রার্থীরা গোলাপগঞ্জের সমস্যা-সম্ভাবনাগুলো সুন্দর করে নিজেদের নির্বাচনী ইশতিহারে ফুটিয়ে তুলেছেন। আশা রাখি যেই নির্বাচিত হবেন নিজেদের দেয়া প্রতিশ্রুতি মনেপ্রাণে বাস্তবায়ন করবেন। আমাদের গোলাপগঞ্জ সকল দিক থেকেই এমনিতেই স্বয়ংসম্পূর্ণ। দীর্ঘদিন মাঠের সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি আমাদের এ অঞ্চলের মানুষের চাহিদা খুবই স্বল্প। অল্প কয়েকটি সমস্যা সমাধান আর কিছু প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে করতে পারলে মানুষের চাওয়ার চাহিদা নাই বললেই চলে। বিগতবছরগুলোতে সুযোগ থাকা সত্ত্বেও আমাদের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল। অথচ হতে পারতো আমাদের উপজেলা সারাদেশের মধ্যে মডেল উপজেলা। 

আমাদের গোলাপগঞ্জের প্রধান সমস্যা আমার কাছে মনে হয় নদী ভাঙন। এ অঞ্চলের অন্যতম ৩নদী বয়ে গেছে আমাদের উপজেলার মধ্য দিয়ে। প্রতি বছর কী পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা একমাত্র নদী পারের মানুষেরাই ভালো জানে। ইতিমধ্যে কয়েকশত ঘরবাড়ি,গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সুরমা,কুশিয়ারার নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। পাশাপাশি নদীগুলোর নাব্যতা সংকট। কয়েকদিনের বৃষ্টিতেই নিচু অঞ্চল তলিয়ে যায়।
নদী ভাঙন আর নাব্যতা ফেরাতে আশু ব্যবস্থা গ্রহণ জরুরি।  

পাশাপাশি গোলাপগঞ্জ বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি সুরমা নদীর উপর বাঘা সেতু নির্মাণ, কুশিয়ারা নদীর উপর মীরগঞ্জ-শরীফগঞ্জ সেতু নির্মাণ। এই দু'টি সেতু বাস্তবায়ন হলে গোলাপগঞ্জ উপজেলার চিত্র পাল্টে যাবে। এ যুগেও এসে একটি সেতুর জন্য শরীফগঞ্জ-বাদেপাশা ইউনিয়নের মানুষদের আধুনিক জীবন যাত্রা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। কুশিয়ারা নদীর উপর এই একটি সেতু নির্মাণ হলে হাকালুকি হাওরের সাথে সরাসরি সংযোগ স্থাপন হবে। এতে পর্যটনের অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। 

গোলাপগঞ্জ উপজেলা প্রবাসী অধ্যুষিত। তরুণরা সবাই প্রায় বিদেশমুখী। মেধাবী মানুষগুলো একে একে এলাকা ছেড়ে প্রবাসে পাড়ি জমাচ্ছে। আশা রাখি নব নির্বাচিত এমপি যুবকদের এলাকায় ধরে রাখতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আরো কয়েকটি সমস্যার প্রতি অগ্রাধিকার ভিত্তিতে নজর দেওয়ার অনুরোধ থাকবে নির্বাচিত এমপির প্রতি সেগুলো হলো, গ্যাস সংযোগ প্রদান, গোলাপগঞ্জ-মীরগঞ্জ সড়ক প্রশস্থকরন, গোলাপগঞ্জ দেওয়ান সড়ক সংস্কার, কুড়া সেতু ২ এর সংযোগ সড়ক স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন, উপজেলার একমাত্র সরকারি স্টেডিয়াম নির্মাণ ইত্যাদি।

বিগত দিনে ৪মেয়াদে ধারাবাহিক মন্ত্রী -এমপি ছিলেন নুরুল ইসলাম নাহিদ, সুযোগ থাকা সত্বেও শিক্ষা ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন ব্যতিত উপরোক্ত সমস্যাগুলোয় কোন ধরনের দৃশ্যমান কোন উদ্যোগ নিতে দেখা যায় নি। আশাকরি ১২তারিখ যেই জনগণের রায়ে এমপি নির্বাচিত হোন উপরোক্ত সমস্যা ও দাবি গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে মনোনিবেশ করবেন। ইনশাআল্লাহ গোলাপগঞ্জের জনগণ মার্কা দেখে নয়,সৎ ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের আমানত ভোট প্রদান করে মহান সংসদে প্রকৃত জনপ্রতিনিধি প্রেরণ করতে সক্ষম হবেন বলে আশা রাখি।



নবীনতর পূর্বতন