স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার ইন্নাত আলী পুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম এমরান।
এর আগে শনিবার (২৩ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উত্তর জাঙ্গালহাটা গ্রামে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী ফাহমিদা বেগম মোহনার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে রোববার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে জানাযা শেষে লাশ সমাহিত করা হয়৷ নিহত গৃহবধু দত্তরাইল গ্রামের মামুন আহমদের মেয়ে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
এদিকে নিহত মোহনার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রকাশ্যে খুনের ঘটনাটি ধামাচাপা দিতে চায় একটি পক্ষ। সুস্থ ব্যক্তিকে মানসিক রোগী সাজিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। তারা ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Tags
গোলাপগঞ্জ