সিলেটে একদিনে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত



ডেস্ক রিপোর্ট :: সিলেটে একদিনে নতুন করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে মোট ছয়জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ১৯টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে চারটি রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং সীমান্তিক হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় সতর্কতা অবলম্বন করছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে সিলেটে তিনটি আরটি-পিসিআর ল্যাব প্রস্তুত করে রেখেছে- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), এবং বেসরকারি সংস্থা সীমান্তিক।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিসুর রহমান জানান, বর্তমানে নমুনা পরীক্ষার চাপ কম থাকায় আপাতত ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষাগুলো করা হচ্ছে। তবে রোগীর সংখ্যা বাড়লে অন্য দুটি ল্যাবও সক্রিয় করা হবে।

তিনি আরও জানান, শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় একটি পৃথক ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার কিট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করে প্রস্তুত রাখা হয়েছে।
নবীনতর পূর্বতন