গোলাপগঞ্জ প্রতিনিধি ::
গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ বাবুল হোসেন (৪৫) নামে আরও এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মোল্লাগ্রামের মোঃ আব্দুল মুতলিব ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৬ টি ডাকাতি, দস্যুতা ও মাদক মামলা রয়েছে। এ নিয়ে এই ঘটনায় ২জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে মোঃ হিরা মিয়া (৪৫) নামে ১ ডাকাতকে গ্রেফতার করে। তিনি সিলেট মহানগরীর খাদিমনগর বিআরটিসি এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে।
এর আগে সোমবার (১১ মে) বিকেল তিনটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় ইসলামী ব্যাংক পিএলসির ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে অস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।
পরে গোলাপগঞ্জ মডেল থানার মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
Tags
গোলাপগঞ্জ